চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে প্রকাশ্যে গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রায়হান আলমকে গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে বা তার সহযোগীদের আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে কেউ অসহায় থাকলে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন রায়হান।
ফেসবুক স্ট্যাটাসে রায়হান লেখেন, ‘যারা গুলি খেয়েছেন ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সঙ্গে আমার ঝামেলা ওখানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায় থাকেন, তাদের যদি টাকা-পয়সা সাহায্য লাগে আমাকে ইনবক্স করিয়েন। ভবিষ্যতে গাড়ি আটকাতে গেলে আগে খোঁজখবর নিও গাড়ির ভিতরে কে আছে।’
অন্য একটি স্ট্যাটাসে ফটিকছড়িবাসীর উদ্দেশে নিজের পরিচয় দিয়ে ঘটনার ব্যাখ্যা দেন তিনি। রায়হানের দাবি, সোমবার রাতে সুয়াবিল থেকে সিএনজিচালিত অটোরিকশায় বের হওয়ার সময় কয়েকজন বিএনপি নেতা তাকে আওয়ামীপন্থী মনে করে গাড়ি আটকানোর চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে তিনি গুলি চালাতে বাধ্য হন। তবে তাদের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।
রায়হানকে ধরতে অভিযান চালানোর সময় সোমবার রাত ১১টার দিকে চুঁরখারহাট বাজারে হ্যান্ডমাইক হাতে স্থানীয়দের সহযোগিতা চান হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে স্থানীয়দের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা মসজিদের মাইকে ঘোষণা দেন, এইখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান লুকিয়ে রয়েছে। ওকে জীবন্ত পেতে হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে শফি মেম্বারের কার্যালয়ের সামনে গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা ও মুখোশ পরা চার থেকে পাঁচজন অস্ত্রধারী বাজারের মোড়ে আসে। সেখানে পৌঁছে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে চৌমুহনীর দিকে চলে যায়। পরে সেখানেও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যায়।
এ ঘটনায় পথচারী, ব্যবসায়ী ও অটোরিকশাচালকসহ ছয়জন আহত হন। তারা হলেন-জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের বাসিন্দা।
ঘটনার পর স্থানীয়রা অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জাবেদের দাবি, নাজিরহাট ঝংকার মোড় থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তি শোভনছড়ি যাওয়ার কথা বলে তার অটোরিকশা ভাড়া করেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নিজেদের নির্দেশনা অনুযায়ী গাড়ি চালাতে বাধ্য করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ জানিয়েছেন, ওই অটোরিকশায় রায়হানও ছিলেন। ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ জানান, সুয়াবিলের পাহাড়ি এলাকায় রায়হান ও তার সহযোগীদের অবস্থানের তথ্য ছিল পুলিশের কাছে। এর আগে রোববার রাতেও সেখানে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রায়হানের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে।
কেকে/ এসএমএন