সাতক্ষীরার কালীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরও একজন গুরুতর অসুস্থ হয়েছেন। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে মো. আরাফাত (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামে একটি সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের স্বল্পতায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধারে এগিয়ে গেলে গোলাম হোসেনসহ আরও একজন অসুস্থ হন। একপর্যায়ে দুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে সেপটিক ট্যাংকের ভেতরে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
কেকে/ এসএমএন