বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
শ্রমিক অসন্তোষের কারণে জেলার ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, ভোগড়া বাইপাস, বাংলাবাজার, কলম্বিয়া, সালনা ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দিতে এসে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভে নামেন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল শুরু হয়। তবে শ্রমিক অসন্তোষের প্রভাবে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় আগে থেকেই ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।’
কেকে/ এসএমএন