পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মার বালুমহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় চারটি বাড়ি ও আটটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। লুটপাটেরও অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া পুরাতন রেললাইনের রঙ্গিলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মার বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কুষ্টিয়ার কাঁকন বাহিনী ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয় জামায়াত-সমর্থিত কয়েকজন বালু ব্যবসায় যুক্ত হওয়ার পর বিরোধ আরও বাড়ে। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়।
এ ঘটনায় বিএনপির সাবেক নেতা ছমির উদ্দিন খান অভিযোগ করেন, মেহেদী হাসানের অনুসারীরা তার বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এতে আটটি মোটরসাইকেল, স্বর্ণালংকার ও ঘরের আসবাবপত্রসহ প্রায় তিন থেকে চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, আওয়ামী লীগবিরোধী মিছিলের প্রস্তুতিকালে কাঁকন বাহিনীর সদস্যরা হামলা ও গুলি চালান। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুও ঘটনার সঙ্গে তার অনুসারীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানান জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গোলাগুলি ও অগ্নিসংযোগের পৃথক দুটি ঘটনার তদন্ত চলছে।’
কেকে/ এসএমএন