বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      ● সিলেটে হোটেল থেকে বদির দুই ভাই, ছেলে ও কাউন্সিলর আটক      ● ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ      
দেশজুড়ে
হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ফেরাতে পাকুন্দিয়ায় জারি গানের মহোৎসব
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

একসময় শীতের রাতে গ্রামবাংলার জনপদ মুখর হয়ে উঠত জারি গানের সুরে। গ্রামের মাঠে বসত গানের আসর। রাতভর চলত গান, পালাগান ও প্রতিযোগিতা। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে জমে উঠত আয়োজন। কিন্তু সময়ের পরিবর্তন, আধুনিক বিনোদনমাধ্যমের বিস্তার ও নতুন প্রজন্মের অনাগ্রহে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার সেই ঐতিহ্য। হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতিকে ফিরিয়ে আনতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বসেছিল ঐতিহ্যবাহী জারি গানের আসর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার উজ্জীবন উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দগাঁও চৌরাস্তা যুবসমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়। জারি গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। আসর ঘিরে শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি। উদ্বোধন করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক, পৌর ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমান ফেরদৌসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, জারি গান বাংলার গ্রামীণ জনপদের সমৃদ্ধ লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। একসময় শীত মৌসুমে বিভিন্ন এলাকায় নিয়মিত বসত এ গানের আসর। সময়ের সঙ্গে এমন আয়োজন কমে যাওয়ায় নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যটি তুলে ধরতেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


জারি গান দেখতে আসা আয়ুব আলী বলেন, “আগে শীতের মৌসুমে প্রায় প্রতিটি এলাকায় জারি গানের আসর বসত। আমিও পাটুয়াভাঙ্গা ও মির্জাপুরসহ দূর-দূরান্তে গান দেখতে যেতাম। কখনো রাত ১০টা, কখনো ১২টা, আবার কখনো রাত ১টায় বাড়ি ফিরতাম। কিন্তু সময়ের সঙ্গে এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ মনে করি। এখনকার অনেক তরুণ জারি গান সম্পর্কেই জানে না।”

পুরোনোদের স্মৃতির এই গান নতুন প্রজন্মের মধ্যেও তৈরি করছে আগ্রহ। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিয়াম বলেন, “জীবনে প্রথমবারের মতো জারি গান দেখতে এসেছি। আগে কখনো সরাসরি দেখিনি। বন্ধুদের নিয়ে দেখতে এসে অনেক মানুষের সমাগম দেখে ভালো লেগেছে। ভবিষ্যতেও এমন আয়োজন হলে আবারও আসব।”


স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রনি বলেন, “আগে আমাদের এলাকায় নিয়মিত জারি গানের আয়োজন হতো। সময়ের সঙ্গে তা অনেকটাই হারিয়ে গেছে। আবার বিভিন্ন এলাকায় এ ধরনের আয়োজন হতে দেখে আমরা আনন্দিত। আশা করি, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। এতে নতুন প্রজন্ম আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।”

জারি গানের ঐতিহ্য ধরে রাখতে কাজ করছেন শিল্পীরাও। শিল্পী আল-আমিন বলেন, “প্রায় সাত-আট বছর ধরে জারি গানের সঙ্গে যুক্ত আছি। এ পর্যন্ত ৫০ থেকে ৬০টি আসরে অংশ নিয়েছি। গান পরিবেশন করে নিজেরা যেমন আনন্দ পাই, তেমনি দর্শকদের আনন্দ দিতে পারলেও ভালো লাগে।”

আরেক শিল্পী মোহাম্মদ হাদিউল ইসলাম বলেন, “প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে জারি গানের সঙ্গে যুক্ত। আমাদের দল পাটুয়াভাঙ্গা দরগাবাজারের। বিভিন্ন এলাকায় প্রতিযোগিতামূলক আসরে অংশ নিই। আজকের আসরেও আমাদের দলের ১৭ থেকে ১৮ জন সদস্য এসেছেন।”


দর্শনার্থী মোহাম্মদ নাজমুল আলম ডালিম মনে করেন, লোকজ সংস্কৃতির চর্চা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে পারে। তিনি বলেন, “ছোটবেলায় জারি, সারি ও ভাটিয়ালিসহ নানা ধরনের লোকজ গান শুনেছি। এখনকার অনেক তরুণ এসব সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে জারি গান, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন বাড়াতে হবে। এতে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হবে।”

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, “খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তিসহ নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে চাই। এ লক্ষ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সহযোগিতায় মাঠপর্যায়ে কাজ করছি।”

অনুষ্ঠানের উদ্বোধক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ বলেন, “আমাদের এলাকায় জারি গানের ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। অনেকেই জীবনে কখনো সরাসরি জারি গান দেখেননি। হারিয়ে যেতে বসা ঐতিহ্য ফিরিয়ে আনতে এমন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি সত্যিই আনন্দের।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  জারি গানের মহোৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close