চট্টগ্রামের জেলার চন্দনাইশ থানার কয়েকশ গজ দূরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ নভেম্বর) রাত ২টার দিকে মোটরসাইকেলে আসা মুখোশধারীরা ব্যাংক শাখাটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়।
ঘটনার পর ব্যাংকের সামনের দেয়ালে আগুনের কালো দাগ মুছে নতুন রং লাগানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া সাংবাদিকরা সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে ব্যাংক কর্মকর্তারা সেটআপ সম্পূর্ণ না হওয়ার কথা জানান।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মুক্তার আহমদ বলেন, ‘রাত ২টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হই। তবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে করিনি।’
এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ ঘটনাকে নাশকতা হিসেবে উল্লেখ করে এর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন বলেন, ‘পতিত ফ্যাসিস্টদের দোসররা চন্দনাইশকে অস্থিতিশীল করতে এসব নাশকতা চালাচ্ছে। তবে এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো প্রভাব পড়েনি।’
ঘটনার খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কেকে/ এসএমএন