নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রায় ৩ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিলে উপজেলা প্রকৌশল দপ্তরের নির্দেশে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আরডিআরআইপি-২) আওতায় গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ থেকে ঘোড়ামারা স্কুল ও ধর নদী হয়ে ভবনচুর বাজার পর্যন্ত ৩ হাজার মিটার সড়ক পুনর্নির্মাণ করা হচ্ছে। এ কাজের প্রাক্কলিত ব্যয় ২ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার ৫০৯ টাকা। চুক্তিমূল্য ২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৭৮৩ টাকা।
২০২৫-২৬ অর্থবছরে কাজটির দায়িত্ব পায় নীলফামারী সদরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাত্তার ট্রেডার্স। গত ৫ জানুয়ারি শুরু হওয়া কাজটি আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নির্ধারিত মানের পরিবর্তে ৩, ৪ ও ৫ নম্বর সাইজের খোয়া ব্যবহার করা হচ্ছিল। অথচ প্রকৌশল দপ্তরের প্রাক্কলন অনুযায়ী ২ নম্বর সাইজের খোয়া ব্যবহারের কথা।
বিষয়টি জানাজানি হলে উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিম রতন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অনিয়মের বিষয়টি দেখতে পেয়ে তিনি প্রাথমিকভাবে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল কবিরসহ স্থানীয় বাসিন্দারা বলেন, ‘সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম ও নিম্নমানের কাজ মেনে নেওয়া হবে না। সরকারি অর্থে নির্মিত সড়ক যেন দীর্ঘস্থায়ী হয়, তা নিশ্চিত করতে হবে।’
জলঢাকা উপজেলা প্রকৌশলী তারিকুজ্জামান বলেন, ‘এলাকার লোকজন ফোন করে অনিয়মের বিষয়টি জানালে আমি লোক পাঠাই। প্রাক্কলন ও নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। কোনোভাবেই অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না।’
কেকে/ এসএমএন