বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের প্রকোপে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৬০      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      
দেশজুড়ে
এমপি নুসরাতের দাদির বাড়িতে আগুন, তদন্ত প্রতিবেদন জমা
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। তবে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করতে না পারায় ঘটনাটি আরও তদন্তের সুপারিশ করেছে কমিটি।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ১৫ থেকে ২০ পৃষ্ঠার সিলগালাকৃত প্রতিবেদনটি ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিটির সদস্যদের বৈঠকে প্রতিবেদনটি চূড়ান্ত করার পর সিলগালাকৃত অবস্থায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ঘটনাটি আরও তদন্তের সুপারিশ করা হয়েছে। আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে ঘরের ভেতরে সিগারেটের আগুন কিংবা পুরোনো বৈদ্যুতিক তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে।

তদন্ত কমিটির এক সদস্য জানান, প্রতিবেদনে আগুন লাগার সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে। এসব কারণ আরও যাচাই-বাছাই ও পর্যালোচনার সুপারিশ করা হয়েছে।

ঘটনাটি নাশকতা কিংবা পেট্রলবোমা হামলার মাধ্যমে ঘটানো হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে তদন্তসংশ্লিষ্ট ওই সদস্য বলেন, ‘পেট্রলবোমা থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’ 

তদন্তের অংশ হিসেবে বাড়ির বাসিন্দা ও আশপাশের এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য নিয়েছে কমিটি। তাঁদের বক্তব্য, ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করেই অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণগুলো প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

গত ১১ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় আট নেতার নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। প্রথমে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে তদন্তের স্বার্থে ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। বর্ধিত সময়সীমার শেষ দিন ছিল গত মঙ্গলবার।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  নুসরাত তাবাসসুম   দৌলতপুর অগ্নিকাণ্ড   তদন্ত কমিটির প্রতিবেদন   কুষ্টিয়া   স্বরাষ্ট্র মন্ত্রণালয়   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close