বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। এ বিষয়ে প্রচারিত বিভিন্ন বক্তব্যের বড় অংশকে গুজব বলেও উল্লেখ করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ চুক্তি অনুযায়ী, এক দেশে অপরাধ করে অন্য দেশে আশ্রয় নেওয়া ব্যক্তিকে সংশ্লিষ্ট সরকারের অনুরোধে অপরাধ সংঘটিত হওয়া দেশে হস্তান্তরের বিধান রয়েছে।’
তিনি বলেন, ‘অনেকেই মনে করেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে হস্তান্তর করতে হলে তাকে আগে বন্দি থাকতে হবে। এ ধারণা সঠিক নয়। চুক্তির আওতায় অপরাধী কিংবা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ করা যায়; এজন্য তাকে কারাগারে বন্দি থাকা বাধ্যতামূলক নয়।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে শিশির মনির বলেন, ‘বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ইতোমধ্যে তিনবার প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।’
প্রত্যর্পণ প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ভারতীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। সেখানে বাংলাদেশের পাঠানো নথিপত্র যাচাই-বাছাই করা হবে। নথিপত্র সঠিক ও গ্রহণযোগ্য হলে ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের আদেশ দিতে পারেন। এরপর দুই দেশের সরকার হস্তান্তরের দিন, সময় ও স্থান নির্ধারণ করবে।’
তার ভাষ্য, এ প্রক্রিয়ায় পাসপোর্ট, ট্রাভেল পাস কিংবা বিশেষ বিমানের প্রয়োজন নেই। দুই দেশের সরকারের মধ্যে নির্ধারিত স্থান ও সময়ে প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর সম্পন্ন করা সম্ভব।
শিশির মনির বলেন, ‘বন্দি প্রত্যর্পণ চুক্তির এই প্রক্রিয়ার বাইরে শেখ হাসিনার দেশে ফেরার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই। এ বিষয়ে যেসব বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বড় অংশ গুজব। আরেকটি বড় অংশ আইন সম্পর্কে না জেনে এলোমেলো মন্তব্য।’
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আহাম্মেদ আব্দুল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন