মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরী সম্প্রদায়ের প্রধান ও সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘মহারাসলীলা’ পালিত হয়েছে। কার্তিক পূর্ণিমা তিথিতে মাধবপুরের জোড়ামণ্ডপে মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের ১৮৪তম এবং আদমপুরের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতৈ সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী এই উৎসব নানা ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়। দেশ-বিদেশের লক্ষাধিক দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে কমলগঞ্জের মাধবপুর ও আদমপুরের পুণ্যস্থান। নানা সাজে সজ্জিত মণ্ডপগুলোতে নৃত্যশিল্পীদের সুনিপুণ পরিবেশনা এবং ঢাক-ঢোল, মৃদঙ্গ, খোল, করতাল ও শঙ্খধ্বনি রাতভর ভক্ত-দর্শনার্থীদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধবপুরে রাখাল রাসলীলার মাধ্যমে উৎসবের সূচনা হয়। এতে বালকেরা রাখাল সেজে, মাথায় কারুকার্যখচিত ময়ূরপুচ্ছ ও হাতে বাঁশি নিয়ে শ্রীকৃষ্ণের বাল্যজীবনের নানা ঘটনা ফুটিয়ে তোলে। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার পর রাতে মাধবপুরের জোড়ামণ্ডপের তিনটি এবং আদমপুরের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণের দুটি মণ্ডপে মূল রাসলীলা শুরু হয়। রাস পূর্ণিমা উপলক্ষে মণ্ডপগুলোর আশপাশে বসে বিশাল মেলা।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে মাধবপুর জোড়ামণ্ডপে রাস উৎসবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসিম বিল্লাহ ফারুকি, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান ও যুগ্মআহ্বায়ক আবুল হোসেন।
কেকে/এমএ