শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ঝুঁকি বিবেচনায় ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।
আদালতের নির্দেশনা অনুযায়ী, টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং ব্যবহারের বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির জন্য বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে।
রুলে ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে নীতিমালা প্রণয়ন এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব মূল্যায়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, ‘দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে শিশুরা অবাধে এসব মাধ্যম ব্যবহার করছে এবং নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। এতে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।’
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে গবেষণায় অংশ নেওয়া শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে। যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের জন্য আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমার চেয়ে বেশি।
গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। এ ছাড়া প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও কম। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য এ বয়সী শিশুদের প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
গবেষণায় আরও দেখা গেছে, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ প্রবণতা তুলনামূলক বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক মানসিক সুস্থতাও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নেতিবাচক প্রভাব কমানোর লক্ষ্যেই জনস্বার্থে রিটটি করা হয়েছে।
কেকে/ এসএমএন