মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ      ● রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ       ● জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, পরীক্ষামূলক উৎপাদন আজ      ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      
আইন-আদালত
রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ এএম আপডেট: ১৭.১১.২০২৬ ৯:০৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ভাগ্য নির্ধারণ হবে আজ।

বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজা পরিবর্তন হবে, সে বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। 

আজ হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর এ রায় ঘোষণা করা হবে।

এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এক দিনেই উভয় পক্ষের শুনানি সম্পন্ন করে রায়ের তারিখ নির্ধারণের বিষয়টিকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগে বলা হয়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। পরে মরদেহ খণ্ডবিখণ্ড করে ফ্ল্যাটের শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। ওই বাসা থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিহত শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুজনকেই মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

হাইকোর্টে শুনানির সময় রাষ্ট্রপক্ষ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে।

শুনানি শেষে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আসামি স্বেচ্ছায় দেওয়া জবানবন্দিতে শিশুটিকে ডেকে নিয়ে শৌচাগারের ভেতরে মুখ চেপে ধরে ধর্ষণ ও হত্যার বিবরণ দিয়েছেন। হত্যার পর শিশুটির মরদেহ খণ্ডবিখণ্ড করা এবং জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন। এ ঘটনায় তার স্ত্রীও সহযোগিতা করেছেন বলে রাষ্ট্রপক্ষের অভিযোগ।’

হাইকোর্টে সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি আদালতের বিষয়। রায়ের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।


কেকে/সাশ 







আরও সংবাদ   বিষয়:  পল্লবী শিশু হত্যা   শিশু ধর্ষণ   হাইকোর্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close