সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      
আইন-আদালত
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬৪.৭৫ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর এ পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৬ জন পেয়েছেন জিপিএ-৫।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬’-এর ফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ২২২। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী। গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন শিক্ষার্থী এ প্লাস, ১ হাজার ৫০৮ জন এ, ৩ হাজার ৩০২ জন এ মাইনাস, ৩ হাজার ৫২৪ জন বি, ২ হাজার ১০৭ জন সি এবং ৪৬ জন ডি গ্রেড পেয়েছেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।’

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল মাত্র ৪১ কর্মদিবসে প্রকাশ করা সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। 

স্থগিত ফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। 

যেভাবে জানা যাবে ফল :

বাউবির ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট [result.bou.ac.bd](https://result.bou.ac.bd?utm_source=chatgpt.com)-এ পাওয়া যাবে। এ ছাড়া মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে।

গ্রামীণফোন (জিপি) গ্রাহকদের মেসেজ অপশনে ‘PB BOU Student ID’ লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। যেমন ‘PB BOU 19011010048’।

টেলিটক, রবি ও বাংলালিংক গ্রাহকদের ‘BOU Student ID’ লিখে ২২৭৭৭ নম্বরে এসএমএস পাঠাতে হবে। যেমন ‘BOU 19011010048’।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়   এইচএসসি পরীক্ষা   পাশের হার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close