শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আজ শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। ওইদিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ট্রাইব্যুনালে পড়ে শোনান। পাশাপাশি মামলার প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনা এবং শেখ হাসিনার শাসনব্যবস্থার বিবরণ উপস্থাপন করেন তিনি।
গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও তাদের পাওয়া যায়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়। পরে ১৬ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় ওই ৩০ জনকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত।
মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মোট দুটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
কেকে/সাশ