যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় শক্তিশালী ঝড়ের আঘাতে থ্যাংকসগিভিং ছুটির দিন বিঘ্নিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) পর্যন্ত পৌঁছেছে।
ঝড়ের কারণে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ৪৪০টি ফ্লাইট বাতিল এবং ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ওয়াশিংটন ও নিউইয়র্ক সিটির প্রধান বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারী বৃষ্টিতে উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সতর্ক করেছে, বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় প্রবল বাতাসে গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঝুঁকি আরও বাড়তে পারে।
বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৬১ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। এর মধ্যে পেনসিলভানিয়ায় ২ লাখ ৩৫ হাজারের বেশি, নিউ জার্সিতে ১ লাখ ৮০ হাজার, মেরিল্যান্ডে ১ লাখ ৫৬ হাজার এবং ভার্জিনিয়ায় ১ লাখ ৩২ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। এ ছাড়া মিসৌরিতে প্রায় ১ লাখ ৬ হাজার, ডেলাওয়ারে ২১ হাজারের বেশি এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৫৬ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।
ঝড়ের প্রভাবে ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডেলাওয়ার, নিউ জার্সি, নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে দমকা বাতাস বয়ে যায় বা এমন বাতাসের পূর্বাভাস দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতের দিকে মধ্য-আটলান্টিক অঞ্চলে বৃষ্টি ও বাতাসের তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। তবে শুক্রবারও পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ২৫ থেকে ৩৫ মাইল বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, বৃহস্পতিবার বিকেলে ঝোড়ো বাতাসের তীব্রতা বাড়ে। লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৬ মাইল (৯০ কিলোমিটার) রেকর্ড করা হয়।
জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের সঙ্গে প্রবল সামুদ্রিক বাতাস ও স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের কারণে পূর্ব উপকূলের নিচু এলাকাগুলোতে জলোচ্ছ্বাসজনিত বন্যা দেখা দিয়েছে।
ঝড়ের আশঙ্কায় নিউইয়র্কে থ্যাংকসগিভিং উপলক্ষে আয়োজিত ১০০তম ম্যাসির বার্ষিক প্যারেডও স্থগিত করা হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে এই প্রথম আয়োজনটি পুনর্নির্ধারণ করতে হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ১০ কোটি ডলারের কেন্দ্রীয় সরকারি সহায়তা অনুমোদনের কথা জানিয়েছেন। তিনি বলেন, এই অর্থের মধ্যে হারিকেন ইসাইয়াসের সঙ্গে সংশ্লিষ্ট আগে অনুমোদিত তহবিলও অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: রয়টার্স
কেকে/সাশ