পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন হলো।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটের পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে এ প্রক্রিয়া শেষ হয়েছে।
এদিকে, পারমাণবিক জ্বালানি আমদানির কার্যক্রম সম্পন্ন হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহও চলছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানোর কথা জানানো হয়।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর ওই দিন রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। প্রথম দফার পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরীক্ষা চালানো হচ্ছে।
তিনি জানান, রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
কেকে/সাশ