সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের ডিসির মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, সহকারী জেলা সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও আব্দুল কাদিম এবং ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি সেলিম উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রভাষক ছাদের হোসেন ও কাজী আব্দুল মালেক এবং সদর উপজেলা আমির আবু হানিফা।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকেই দেশে একের পর এক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। চুরি, ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়েছে। গণভোটের রায় বাস্তবায়ন করা হলে ফ্যাসিবাদ কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস সৃষ্টির সাহসও কেউ পেত না।
তিনি বলেন, অতি দ্রুত অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে বর্তমান সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশ শেষে ডিসির মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
কেকে/ এসএমএন