‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে গবাদিপশু ও হাঁস-মুরগিকে টিকা দেওয়া হয়।
এরপর উপজেলা প্রাণিসম্পদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সেন বিশ্বাস।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু, মহম্মদপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নওশের আলী এবং প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি অংশ নিতে পারেননি।
আলোচনায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি খামারিদের আধুনিক প্রশিক্ষণ এবং পশুপাখির রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার রাজবাড়ীতে অবস্থিত ৮২ নম্বর কালিপদ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।
কেকে/ এসএমএন