‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ উপলক্ষে র্যালি বের করা হয়। পরে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন। ভেটেরিনারি সার্জন ডা. মো. খোকন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুর রোগ প্রতিরোধ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ পণ্য রপ্তানির সম্ভাবনা বাড়াতে গুণগত মান নিশ্চিত করা জরুরি। এ জন্য খামারিদের প্রযুক্তিগত সহায়তা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন। খামারিদের সম্মিলিত প্রচেষ্টা প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
কেকে/সাশ