ন্যূনতম মজুরি ঘোষণার দ্বিতীয় দিনে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ও একটি সিএনজি পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি শিল্প পুলিশের এক সদস্যকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একদল শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে পুলিশের একটি মোটরসাইকেল ও নাওজোর এলাকার একটি সিএনজি পাম্পে ভাঙচুর চালানো হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।
অপরদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজার এলাকায়ও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে তাদের বিক্ষোভ ও সড়কে অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, শিল্প পুলিশ, থানা ও হাইওয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। দুপুর ১২টার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নাওজোর এলাকার বাসিন্দা মেহেদী হাসান বলেন, শ্রমিকদের সঙ্গে আরও কিছু তরুণ আন্দোলনে যোগ দেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দেন। এ সময় শিল্প পুলিশের একজন সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়। ওই সদস্য কোনোক্রমে প্রাণ নিয়ে ফিরে গেছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিক্ষোভের সময় পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া নাওজোর, ভোগরা ও সালনা এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন।
কেকে/সাশ