মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখা থেকে জেলেদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশের জলসীমা পেরিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন এসব জেলে। এ সময় তাদের আটক করে আরাকান আর্মি। পরে মিয়ানমারের অভ্যন্তরে গোষ্ঠীটির নিয়ন্ত্রণাধীন এলাকা বা কারাগারে রাখা হয় জেলেদের।
আটক জেলেদের পরিবারের দুর্ভোগ বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের দেশে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল বিজিবি। ধারাবাহিক প্রচেষ্টা ও সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে জেলেদের ফিরিয়ে আনা হচ্ছে।
ফেরত আসা ৪১ জেলের পরিচয় যাচাই-বাছাই করছে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাচাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পাওয়ার খবরে জেলে পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরেছে।
বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার ফেরত আসা ৪১ জনসহ চলতি বছরে এখন পর্যন্ত মিয়ানমার থেকে মোট ৩২৩ জন আটক বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ ধরে ফেরার পথে আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন। এখনো আটক থাকা অন্য জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের কারণে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ মহাপরিচালকের এই ভিশন ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। দেশের মানুষের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।’
কেকে/ এসএমএন