রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাসা থেকে অটোচালক আরিফুল হকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনা সদস্য শাহিন ও রাসেল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।
পুলিশ জানায়, নগরীর ভগিবালাপাড়া এলাকায় সেনা সদস্য শাহিনের বাসায় ভাড়া থাকতেন অটোচালক আরিফুল। মাদক ও জুয়া খেলা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গত সোমবার থেকে আরিফুল নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার বাবা কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর আরিফুলের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। বুধবার রাতে তার মরদেহ সেনা সদস্য শাহিনের বাসায় লুকিয়ে রাখা হয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ। পরে ওই বাসা থেকে কম্বলে মোড়ানো অবস্থায় আরিফুলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। মাথায় আঘাত করার পর তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী মেট্রো থানার ওসি ওয়াদুদ আলম বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের জানান, সেনা সদস্য শাহিন ও রাসেল পরিকল্পিতভাবে আরিফুলকে জবাই করে হত্যা করেছেন। এ ঘটনায় রাসেলকে গ্রেপ্তার করা হয়। সেনা সদস্য শাহিনকে সেনা আইনে আটক করে নিয়ে যাওয়া হলেও পরে রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/সাশ