ক্যামেরার ফ্ল্যাশলাইট কিংবা শুটিং সেটের ব্যস্ততা—কোনো কিছুই যেন তাকে বিচলিত করে না। লেন্সের সামনে দাঁড়ালেই তার চোখেমুখে ফুটে ওঠে আত্মবিশ্বাস আর নিষ্পাপ ও প্রাণবন্ত হাসি। বলছি এ সময়ের সম্ভাবনাময় শিশুশিল্পী ও মডেল সৃজিতা ঘোষের কথা। অল্প বয়সেই সাবলীল ভঙ্গিমা ও স্বতঃস্ফূর্ত উপস্থাপনায় দর্শক ও নির্মাতাদের নজর কেড়েছে এই খুদে প্রতিভা।
মাত্র সাত বছর বয়সে ‘ম্যাক্স ব্যাগ’-এর শুটের মধ্য দিয়ে ক্যামেরার সামনে যাত্রা শুরু করে সৃজিতা। এরপর অল্প দিনেই ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনের পরিচিত মুখে পরিণত হয়েছে। বিশেষ করে আড়ং ও ইয়েলোর ফটোশুটে তার কাজ বেশ সাড়া ফেলেছে। পাশাপাশি সেইলর, টুয়েলভ, লারেভ, ইজি, ভার্গো ও কিউরিয়াসের মতো ব্র্যান্ডের ফটোশুট ও প্রচারণায় নিয়মিত দেখা গেছে তাকে। প্রতিটি কাজেই তার অভিব্যক্তি ও উপস্থিতি আলাদাভাবে চোখে পড়েছে।
ফটোশুটের গণ্ডি ছাড়িয়ে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতেও নিজের ছাপ রেখেছে সৃজিতা। নিডো বাংলাদেশ ও প্রাণের চকোবিনসহ প্রায় পাঁচটি আলোচিত বিজ্ঞাপনে কাজ করেছে সে। এ ছাড়া, সাম্প্রতিক সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে নির্মিত জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদারের ‘মাগুরার ফুল’ মিউজিক ভিডিওতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। ভিন্ন ভিন্ন ঘরানার কাজ ও পণ্যের প্রচারণায় সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতাই তাকে আলাদা পরিচিতি দিয়েছে।
এদিকে, আজ ২৮ নভেম্বর সৃজিতার ১০ম জন্মদিন। বিশেষ এই দিনে সবার কাছে আশীর্বাদ চেয়েছে সে; জানিয়েছে, বড় হয়ে একজন দক্ষ শিল্পী হতে চায়।
কাজের বাইরে সৃজন ও শ্রেয়ান নামে দুই ভাইয়ের বোন সৃজিতা পরিচালক সৌমিত্র ঘোষ ইমন ও জয়ন্তী বণিক ঘোষের মেয়ে। সে হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী। অবসরে ঘুরতে, ছবি আঁকতে ও নাচতে ভালোবাসে সৃজিতা ঘোষ।
কেকে/এমএ