বলিউডের দুই তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে আবারও একসঙ্গে দেখা গেল পর্দায়। দীর্ঘ ১৫ বছর পর নতুন সিনেমা ‘কিং’-এর একটি গানে জুটি বেঁধেছেন তারা। বনি এমের জনপ্রিয় গান ‘ড্যাডি কুল’-এর নতুন সংস্করণে ভিন্নধর্মী সাজ ও নাচে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই দুই তারকা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিং’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। সিনেমাটিতে বিশেষ উপস্থিতি থাকছে কারিনা কাপুর খানের। আগামী ২৪ ডিসেম্বর ২০২৬, বড়দিন উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মুক্তির আগে সিনেমাটির নির্মাতারা প্রকাশ করেছেন ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’ শিরোনামের নতুন গান। গানটির সংগীতায়োজন করেছেন শচীন-জিগর। মূল গানের কথা ও সুরের আবহের সঙ্গে যুক্ত করা হয়েছে নতুন হিন্দি লাইন।
গানটিতে শাহরুখ ও কারিনাকে দেখা গেছে আকর্ষণীয় সাজে। চনমনে ছন্দের সঙ্গে তাদের নাচ ও পর্দার রসায়ন ইতোমধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
উল্লেখ্য, শাহরুখ খান ও কারিনা কাপুর খান এর আগে ‘অশোকা’ ও ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। দীর্ঘ বিরতির পর ‘কিং’-এর মাধ্যমে আবারও তাদের একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।
কেকে/সাশ