ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দুই যুবক আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বাসটির চালক ও হেলপার। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাসটির বেশির ভাগ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘলা পরিবহণের বাসটি শুক্রবার রাতে ভুলতা গাউছিয়া এলাকা থেকে ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে ঢাকার গুলিস্তানের উদ্দেশে রওনা হয়। পথে সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে দুই যুবক বাসে ওঠেন। সাধারণ যাত্রীর বেশে তারা বাসের পেছনের আসনে বসেন।
বাসটি ঢাকামুখী লেনে মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছালে ওই দুই যুবক নেমে যান। এর কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে তারা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।
বাসটির হেলপার তানজিল বলেন, ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে দুই যুবক বাসে উঠে পেছনের আসনে বসেন। মৌচাক ইউটার্নের সামনে তারা নেমে যাওয়ার পরপরই বাসে আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা চিৎকার করে দ্রুত বাস থেকে নেমে যান।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে যায় বলে জানিয়েছেন বাসমালিক সিফাত।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
কেকে/সাশ