হঠাৎ করেই কুড়িগ্রাম টেক্সটাইল মিলের তুলা গুদামে পুষ্টি চাল মিশ্রণ মিল স্থাপন করা হয়েছে। সরকারি বিধিনিষেধ না মেনে বল প্রয়োগ ও ক্ষমতার অপব্যবহার করে কু্ড়িগ্রাম টেক্সটাইল মিলে তন্ময়-তনয় নামে পুষ্টিচাল মিশ্রণ মিল ইউনিট-২ দেখিয়ে ফুডগ্রেড লাইসেন্স গ্রহণের পাঁয়তারার খবরে স্থানীয়দের মাঝে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অস্থায়ীভাবে গড়ে তোলা তন্ময়-তনয় পুষ্টিচাল মিশ্রণ মিলের স্বত্বাধিকারী গাইবান্ধা জেলার বাসিন্দা মাসুদুর রহমান।
জানা গেছে, গত ১০ নভেম্বর খাদ্য মন্ত্রণালয় সরবরাহ শাখা-১ হতে মিল পরিচালনা অনুমতি প্রদান সংক্রান্ত ইস্যুকৃত চিঠিতে মাসুদুর রহমানকে কুড়িগ্রাম সদর উপজেলার নাজিরা গ্রামের বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম টেক্সটাইল মিলের ভিতরে ঢুকেই হাতের বামে নিরাপত্তাকর্মীর কক্ষের পাশে বর্ধিত তুলা গোডাউনের ভিতরে মিশ্রচাল কল তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পুষ্টিচাল মিশ্রণ কার্যক্রমে পরিচালনার জন্য নেওয়া হয়নি ব্যক্তিগত বৈদ্যুতিক সংযোগ। মিল স্থাপনের জন্য টেক্সটাইলের গুদাম ঘরকে দেখিয়ে ফুড গ্রেড লাইসেন্সের তদবির চালাচ্ছেন মাসুদুর রহমান।
গত এক মাস ধরে গুদাম ঘরে রং মেরামত ও মেশিন বসানোর কাজ করছেন বলেন জানান টেক্সটাইল মিলের নিরাপত্তা কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের (বিটিএমসি) মুখ্য পরিচালন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন বলেন, ‘কুড়িগ্রামে ফ্যাক্টরি হওয়ার মতো পারমিশন আমরা দেইনি। এ রকম কোনোকিছুই হচ্ছে না। আমরা পুরোটাই লিজ দিয়ে দেব, যেটা দিয়েছিলাম ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডকে। তারা ইন্টারন্যাশনাল টেন্ডার বিট করে পেয়েছিলো। কিন্তু তারা ঠিকমতো কাজ করেনি। এক বছর দুই অথবা তিন মাসের মধ্যে লিজ বাতিল করে আমরা মিলটা নিয়ে নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের ২৫টা মিল বন্ধ রয়েছে। তবে ইনকামের জন্য সাময়িক খুবই শর্ট টাইমের জন্য যদি কোনো ঘর, বাসা-বাড়ি ভাড়া দেয়, তারপর গোডাউন ভাড়া দেয়। কিন্তু সেগুলো হচ্ছে ভেরি ভেরি টেম্পোরারি। এগুলো কোনো দীর্ঘমেয়াদি ইস্যুনা। আমরা কিছুদিনের মধ্যেই টেন্ডার দেব দীর্ঘমেয়াদে শিল্প করার জন্য।’
কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল ইসলাম টেক্সটাইল মিলের ভিতরে অবস্থিত তন্ময়-তনয় পুষ্টিচাল মিশ্রণ প্রক্রিয়া পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেন।
কুড়িগ্রাম টেক্সটাইল মিলের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘এক বছরের জন্য বর্ধিত তুলার গুদাম ভাড়া দেওয়া হয়েছে।’
গুদাম ঘর হিসেবে ভাড়া নিয়ে গুদামে যন্ত্রপাতি বসিয়ে পুষ্টিচাল মিশ্রণ মিল তৈরির বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি
কেকে/এমএ