নীলফামারীর বিশিষ্ট শ্রমিক নেতা ও জাতীয় শ্রমিক পার্টির জেলা সভাপতি বজলার রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ৭৩ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
শুক্রবার বাদ এশা শহরের সার্কিট হাউস ঈদগাহ মাঠে জানাজা শেষে ডাকবাংলো কবরস্থানে তাকে দাফন করা হয়।
বজলার রহমান শহরের উকিলপাড়ার মরহুম ফজলার রহমানের বড় ছেলে। তার বাবা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বজলার রহমান সত্তর ও আশির দশকে ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তী সময়ে দারোয়ানী টেক্সটাইল মিলে চাকরির পাশাপাশি সক্রিয় সিবিএ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পর জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, জজ আদালতের পিপি আল মাসুদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
কেকে/ এসএমএন