শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু      ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      
দেশজুড়ে
টুঙ্গিপাড়ায় সহিংসতা : দুই মামলায় আসামি ১৩ হাজার ৩৪ জন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মোট ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশের দায়ের করা মামলায় ৮ হাজার ২৬ জন এবং বিজিবির দায়ের করা মামলায় ৫ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ হাজার জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। 

অন্যদিকে, উপজেলার নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা এবং সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিজিবি। এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে পুলিশের মামলাটি দায়ের করেন।সোমবার (২৩ নভেম্বর) বিজিবির সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে অপর মামলাটি করেন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মামলা দুইটির তদন্তকারী কর্মকর্তারা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশের দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এ সময় পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। একই সঙ্গে থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি যানবাহনসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।

এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।

এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের তালিকায় রয়েছে। এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ অন্যান্য সম্পত্তির ক্ষয়ক্ষতি মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, নিলফা খালেক বাজার এলাকায় সহিংসতার ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘবদ্ধ একটি দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে সাধারণ ও গুরুতর জখম করা হয়। পাশাপাশি সরকারি যানবাহনে অগ্নিসংযোগ ও সরকারি মালামালের ক্ষতিসাধন করা হয়।

এদিকে, মামলা দুইটিতে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু গণমাধ্যমকে বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি এবং বিজিবির পক্ষ থেকে অপর একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টুঙ্গিপাড়ায় সহিংসতা   মামলায় আসামি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close