নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার বক্তাবলীতে আধিপত্য বিস্তার ও ইটভাটার চাঁদা এবং মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে শর্টগান দিয়ে গুলি ও টেঁটাবিদ্ধের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামেদ আলী ও বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোতে মাটি ও শ্রমিক সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। একপর্যায়ে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে।
কেকে/ এসএমএন