কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম সামনে এসেছে। আসনটিতে তাকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলীয়ভাবে আলোচনা চলছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কিশোরগঞ্জ-৩ আসনে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি সামনে আনেন।
জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি মরহুমা হাফেজা আসমা খাতুনের ভাগ্নে। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক। দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত জিহাদ খান ১৯৮৮ সালে দলটির রোকন (সদস্য) হন। বর্তমানে তিনি জামায়াতের নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে জিহাদ খান একজন হৃদ্রোগ বিশেষজ্ঞ (কার্ডিওলজিস্ট)। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে কর্মরত রয়েছেন। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হৃদ্রোগ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে বিভাগীয় প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জিহাদ খান। ওই নির্বাচনে তিনি ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট পান। তবে মাত্র ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত হন।
সংসদ সদস্য ড. এম ওসমান ফারুক পদত্যাগ করায় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়। পরে ২৫ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আসনটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৭ সালের ১০ জানুয়ারি এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার পর থেকেই করিমগঞ্জ ও তাড়াইল উপজেলাজুড়ে নতুন করে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে জামায়াতের পক্ষ থেকে জিহাদ খানের প্রার্থিতার ইঙ্গিত আসায় নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘হ্যাঁ, জিহাদ ভাই-ই প্রার্থী থাকবেন। আমরা এখন তাকে নিয়েই এগোচ্ছি, ইনশাআল্লাহ। আগামীকাল ঢাকায় প্রোগ্রাম আছে। সেখান থেকে আরও নির্দেশনা আসবে, ইনশাআল্লাহ।
কেকে/সাশ