কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় পাঁচটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের উদ্যোগ ও সুপারিশে এসব প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। সেতুগুলো নির্মিত হলে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে ভৈরব ও কুলিয়ারচর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেতু না থাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের চলাচল এবং পণ্য পরিবহনে দুর্ভোগ বাড়ে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় দুই উপজেলার অভ্যন্তরীণ সড়ক ও সংযোগস্থলে পাঁচটি সেতু নির্মাণের কার্যক্রম এগিয়েছে।
সংশ্লিষ্ট দুই উপজেলার প্রকৌশলীদের তথ্যমতে, প্রস্তাবিত পাঁচটি সেতুর মধ্যে ভৈরব উপজেলায় তিনটি এবং কুলিয়ারচর উপজেলায় দুটি নির্মাণ করা হবে। এরই মধ্যে দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। বাকি তিনটি অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
ভৈরব উপজেলায় প্রস্তাবিত তিনটি সেতুর মধ্যে রয়েছে ভোলাগাজীর বাজার–শিবপুর ইউপি ভায়া পানাউল্লারচর বধ্যভূমি সড়কের ৯৫০ মিটার চেইনেজে ৩০০ মিটার দীর্ঘ সেতু। এ ছাড়া কালিকাপ্রসাদ চকবাজার জিসি–নারায়ণপুর জিসি ভায়া সররাবাদ সড়কের ভৈরব অংশে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ৬৫৭ মিটার চেইনেজে ৩০০ মিটার এবং মানিকদী চৌমুরি বাজার–সাদেকপুর ইউপি ভায়া তাতালচর ফেরিঘাট সড়কে ঘোড়াউত্রা নদীর ওপর ১ হাজার ৬৮০ মিটার চেইনেজে ৫০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে।
অন্যদিকে কুলিয়ারচর উপজেলায় দাড়িয়াকান্দি আরঅ্যান্ডএইচ–বেলাবো জিসি সড়কে ৫০০ মিটার চেইনেজে গণকখালী খালের ওপর ৯০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি ডুমরাকান্দা–বেলাব জিসি সড়কের কলেজ মোড়–ব্রহ্মপুত্র সর্বজনীন দুর্গা মন্দির সড়কে ডুমরাকান্দা–আওয়ালিকান্দা এলাকায় ২৫০ মিটার দীর্ঘ আরেকটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ভৈরব ও কুলিয়ারচরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। পাঁচটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের মধ্যে দুটি ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। বাকি প্রকল্পগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা মনে করছেন, সেতুগুলো নির্মিত হলে দুই উপজেলার গ্রামীণ অর্থনীতিতে গতি আসবে। কৃষি ও বাণিজ্যিক পণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে উপজেলা ও জেলা শহরের যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে।
এলাকার অবকাঠামোগত উন্নয়নে পাঁচটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা আশা করছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে ভৈরব-কুলিয়ারচরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও সম্প্রসারিত হবে।
কেকে/ এসএমএন