সৌদি আরবের মক্কা নগরীতে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে আলহাজ্ব শহিদুল্লাহ বাবু (৫৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল্লাহ বাবু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভীর বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা সামশুল হুদার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবের মক্কা নগরীতে বসবাস করছিলেন। সেখানে তিনি ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহতের ভ্রাতুষ্পুত্র কাজী মামুন জানান, সৌদি আরবে তার কফিলের একটি ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে যান শহিদুল্লাহ বাবু। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল্লাহ বাবু স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনেরা।
পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন বলেন, ‘শহিদুল্লাহ খুবই ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
কেকে/ এসএমএন