বেতন বাড়ানোর দাবিতে প্রায় এক মাস ধরে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শুক্রবার শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। তবে সাপ্তাহিক ও সাধারণ ছুটির কারণে শিল্পাঞ্চলের প্রায় ৯০ শতাংশ কারখানা বন্ধ রয়েছে। উৎপাদন চলছে মাত্র দশ শতাংশ কারখানায়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও শ্রমিকদের বড় ধরনের জমায়েত, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের ঘটনা দেখা যায়নি।
সকালে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, চন্দ্রা, নাওজোড় ও ভোগড়াসহ আশপাশের শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, অধিকাংশ কারখানার ফটক বন্ধ রয়েছে। কিছু কারখানার সামনে নিরাপত্তাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এর মধ্যে কয়েকটি কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। সেসব কারখানায় উৎপাদন কার্যক্রমও চলছে।
শিল্প পুলিশ জানায়, মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের মধ্যে বিচ্ছিন্নভাবে অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
শ্রমিক অসন্তোষের কারণে গত কয়েক দিনে শিল্পাঞ্চলের বহু কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি কিছু কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়। ফলে শুক্রবার শিল্পাঞ্চলের প্রায় ৯০ শতাংশ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। বাকি ১০ শতাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন খোলা কাগজকে বলেন, ‘শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৯০ শতাংশ কারখানা সাপ্তাহিক ও সাধারণ ছুটিতে বন্ধ রয়েছে।’
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার সামনে ও বিভিন্ন মোড়ে তারা দায়িত্ব পালন করছেন।
কেকে/ এসএমএন