শত বছরের পথচলা উদযাপন করেছে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল।
শুক্রবার (২৭ নভেম্বর) হাসপাতাল প্রাঙ্গণে ‘সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে হাসপাতালটিতে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
বেলা সাড়ে ১১টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, ‘মানুষের সেবার ব্রত নিয়ে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। সুনাম ও আস্থার সঙ্গে চিকিৎসাসেবা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি শত বছরের গৌরবময় পথচলা সম্পন্ন করেছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে। খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।’
বিশেষ অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘শত বছর ধরে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসনীয়।’
তিনি হাসপাতালটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্চ অব বাংলাদেশের ঢাকা ডায়োসিসের মডারেটর ও বিশপ এবং হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দ্য মোস্ট রেভারেন্ড স্যামুয়েল এস. মানখিন। বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল।
অনুষ্ঠানে হাসপাতাল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স এবং সুধীজন উপস্থিত ছিলেন।
কেকে/এসএমএন