রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে কোলকোন্দ ইউনিয়নের মটুকপুরে নিজ বাড়ি থেকে শাহাজুল ইসলামকে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি বাজার থেকে মমিনুর রহমানকে এবং রাতে নোহালী ইউনিয়নের এতিমখানা মোড় এলাকা থেকে মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন নোহালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন (৪১), আলমবিদিতর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মমিনুর রহমান (৪২) এবং উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. শাহাজুল ইসলাম ওরফে সাজু মিয়া (৩৫)।
পুলিশ জানায়, মোসলেম উদ্দিন ও মমিনুর রহমানকে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় দায়ের করা ২৮ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)’-এর ৬(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় অভিযোগ রয়েছে।
অন্যদিকে শাহাজুল ইসলামকে ২০২৬ সালের ১০ নভেম্বর দায়ের করা ৮ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় মামলা রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘তিনজনকে পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
কেকে/ এসএমএন