চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল বিস্ফোরণে আহত নাজমুল কবির নুরুলকে (৩২) রাজশাহী মহানগরী থেকে গ্রেফতার করেছে এসআরবি-৫।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে চিকিৎসা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার বিকেলে এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ নভেম্বর শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার বন্ধু নাজমুল কবির নুরুল মাথা, হাত ও চোখে গুরুতর আঘাত পান।
আহত নাজমুলকে তার স্ত্রী উদ্ধার করে রাজশাহীতে নিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা করান। পরে নগরীর তেরখাদিয়া এলাকায় একটি বাসায় তাকে আত্মগোপনে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআরবির তথ্যমতে, জিজ্ঞাসাবাদে নাজমুলের স্ত্রী ও ফুপু জানান, নাজমুল নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকলেও তার কোনো পদ-পদবি নেই। নিহত টমাস ককটেল ও বিস্ফোরক তৈরিতে পারদর্শী ছিলেন। ঘটনার দিন দুপুরে টমাস ডেকে নেওয়ার পরই বিস্ফোরণ ঘটে।
আহত হওয়ার পর গ্রেফতার এড়াতে নাজমুল হাসপাতালে ভর্তি না হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে জানিয়েছে এসআরবি-৫।
কেকে/ এসএমএন