ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে ককটেলটি থানা-সংলগ্ন ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত দুইতলা পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়। তবে সেটি পাশের পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
থানার পাশের চা দোকানি লিটন সাহা জানান, হঠাৎ বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে দোকান থেকে বের হয়ে পৌর মার্কেটের সাত নম্বর দোকান মা ইলেকট্রনিকের ওপরের টিনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখেন।
ঘটনার সময় মহাকালীর মোড় এলাকায় ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ। তিনি বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে যান। তার ধারণা, সড়কের অপর পাশে গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের মালিকানাধীন সাততলা ভবনের কোনো তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানান।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের শব্দ বেশ জোরালো ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
কেকে/সাশ