চরম শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের পরিবর্তে এশিয়ার অন্য দেশগুলোতে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। নভেম্বরের প্রথমার্ধে জারা ও এইচঅ্যান্ডএমের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের মাসিক অর্ডারের প্রায় ১০ শতাংশ অন্য দেশে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন তিন পোশাক কারখানার মালিক।
কারখানার মালিকদের ভাষ্যানুযায়ী, গেল ১-১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের (৩ হাজার ১৮৫ কোটি টাকা) পোশাকের অর্ডার অন্য দেশে চলে গেছে। যার বেশিরভাগই পেয়েছে ভারত। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি পোশাকশিল্পের জন্য এটা বড় ধাক্কা। বর্তমান শ্রমিক অসন্তোষ কেটে যাওয়ার পরও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।
শিল্প খাতের নেতারা বলছেন, ‘মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তায় বাংলাদেশের কম খরচে পোশাক উৎপাদনের সক্ষমতা কমে গেছে। এ সুবিধার কারণেই চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল। তবে এখন বৈশ্বিক ব্র্যান্ডগুলো সরবরাহের উৎস বহুমুখী করতে চাইছে।’
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদনে ৪০০ মিলিয়ন ডলারের (প্রায় ৫ হাজার ১৭ কোটি টাকা) বেশি ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। পাশাপাশি দেশের উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও তৈরি করে পোশাকশিল্প।
ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও পাচ্ছে অর্ডার :
অর্ডার সরিয়ে নেয়ার ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। তবে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে জানিয়েছেন শিল্প খাতের নেতারা।
বুধবার (২৫ নভেম্বর) পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে গত চার দশকের মধ্যে এটাই ছিল সবচেয়ে কম মজুরি বৃদ্ধির হার। শ্রমিকদের দাবি ছিল, মজুরি দ্বিগুণেরও বেশি বাড়াতে হবে। সেই দাবি পূরণ না হওয়ায় নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকেরা।
এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শিল্প খাতের নেতারা বলছেন, ‘মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রম ব্যয়ের যে সুবিধা ছিল, তা আরও কমে আসবে।’
তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাকশিল্পের মানদণ্ডে বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো অনেক কম।
আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কারখানার মালিকেরা জানান, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার, সেলিওসহ বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ড তাদের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে। এসব অর্ডারের বড় অংশই পেয়েছে ভারত।
জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিওও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
এ ধরনের খবর প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের শেয়ারদর বেড়েছে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম একপর্যায়ে ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে। ট্রাইডেন্টের শেয়ার বেড়েছে প্রায় ৫ শতাংশ। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারদর প্রায় ২ শতাংশ করে বেড়েছে।
বিজিএমইএর পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মজুরি, বিদ্যুৎ-গ্যাস ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদনকারীরা বাড়তি চাপের মুখে পড়েছেন।’
তিনি আরও বলেন, ‘ক্রেতারা যখন কম দামে পণ্য চাইছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, ঠিক তখনই মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন খরচ আরও বেড়েছে।’
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ব্র্যান্ডগুলোর নাম উল্লেখ করতে চাননি। তবে তিনি বলেন, ‘সাময়িকভাবে কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেয়ার মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা করছে পোশাকশিল্প।’
ভবিষ্যতের অর্ডার নিয়েও শঙ্কা :
কারখানার মালিকদের আশঙ্কা, ইতোমধ্যে অন্য দেশে চলে যাওয়া অর্ডারের পর ভবিষ্যতের অর্ডারও হারাতে পারে বাংলাদেশ। ক্রেতারা পোশাক উৎপাদনের জন্য নতুন করে কোন দেশকে বেছে নেবেন, তা পর্যালোচনা করছেন।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি সরবরাহে সমস্যা আরও বেড়েছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কিছু কারখানাকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সরবরাহকারী বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতারা এখন পণ্যের দামের চেয়ে নির্ধারিত সময়ে সরবরাহের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘ব্র্যান্ডগুলো যখন কঠোর সময়সীমার মধ্যে পণ্য সরবরাহের চাপে থাকে, তখন দামের বিষয়টি গৌণ হয়ে যায়।’
মহিউদ্দিন চৌধুরীর মতে, ভারত থেকে পণ্য সরবরাহে ক্রেতারা প্রায় এক সপ্তাহ সময় সাশ্রয় করতে পারেন। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া সরবরাহের সময়সীমা ১৫ দিন পর্যন্ত কমিয়ে দিতে পারে।
তিনি আরও বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দেশগুলো সাধারণত ৬০-৯০ দিনের মধ্যে পোশাক উৎপাদন ও সরবরাহ সম্পন্ন করতে পারে। বাংলাদেশে এ কাজে প্রায় ১২০ দিন লাগে।’
শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনেও বড় ধরনের জট তৈরি হয়েছে। ঢাকার আশপাশের কারখানাগুলো আনুমানিক ২০-২৫ দিনের উৎপাদন হারিয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করতে কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা বিবেচনা করছে।
ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডকে প্রধানত পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান আলপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, ‘শ্রমিক অসন্তোষের প্রভাব নতুন অর্ডার পাওয়ার ক্ষেত্রেও পড়েছে।’
তিনি আরও বলেন, ‘১ নভেম্বর থেকে আমার অধিকাংশ ক্রেতা অর্ডার দেওয়া বন্ধ করে দিয়েছেন। তারা জানাচ্ছেন, আমাদের অর্ডার অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প ব্যবস্থাও খুঁজে নিয়েছেন।’
ভারত থেকে পলাতক শেখ হাসিনার ঢাকায় সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
শিল্প খাতের নেতারা বলছেন, ‘আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি।’
মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, ‘অস্থিরতার সময়ে যেসব অর্ডার অন্য দেশে চলে যায়, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর বাংলাদেশে ফিরে নাও আসতে পারে।’
তিনি আরও বলেন, ‘সাময়িকভাবে অর্ডার অন্য দেশে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত যেন দীর্ঘমেয়াদি সোর্সিং সিদ্ধান্তে পরিণত না হয়, তার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে। অস্থিরতা চলতে থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।’
কেকে/এমএ