বাজারে মাছ-মাংসের দিকে হাত বাড়ানোর সাহস আগেই হারিয়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। ভরসা ছিল শাকসবজি আর ডিম। কিন্তু শীতের সবজি বাজারে উঠলেও কমেনি দাম; বরং নতুন করে ডিমের দাম বাড়ায় সেই শেষ ভরসাটুকুও এখন নাগালের বাইরে চলে যাচ্ছে। আয় না বাড়লেও বাজারের এমন লাগামহীন ব্যয়ে খাবারের তালিকা কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন সাধারণ ক্রেতারা।
বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষতি ও সরবরাহে বিঘ্ন ঘটায় বেড়েছে সবজির দাম।
তবে কিছুটা কমেছে মুরগির মাংসের দাম। এছাড়া দেশি রসুনের দাম বাড়লেও কমেছে চায়না আদা ও রসুনের দাম। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর কম, বরং বাড়তি দামের চাপই বেশি।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মিরপুর- ১ নম্বরের কাঁচাবাজারে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাজারে প্রতি কেজি দেশি টমেটো ১৫০ টাকা, ভারতীয় টমেটো ১৮০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৪০ টাকা, দেশি নতুন আলু ১৪০ টাকা এবং ভারতীয় নতুন আলু ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা এবং কালো গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শিম (মানভেদে) ১০০-১২০ টাকা, দেশি শসা ১০০ টাকা, উচ্ছে ১১০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০-১০০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা, দেশি পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মূলা ৫০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, এবং শালগম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, প্রতি কেজি কাঁচা মরিচ ৮০-১০০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা, হাইব্রিড শসা ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে প্রতিটি লাউ ৮০ টাকা, চালকুমড়া ৬০ টাকা, ফুলকপি ৬০ টাকা এবং বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ৫০ টাকা এবং লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা মো. তারেক বলেন, ‘বৃষ্টি হওয়াতে সবজির দাম একটু বেড়েছে। তবে এটা কমে যাবে। ফসলে অনেক ক্ষতি হয়েছে বৃষ্টিতে। তাই এখন এমন দাম।’
আরেক বিক্রেতা মো. সাদিক বলেন, ‘এখন দাম কম থাকার কথা, কারণ শীতের সবজি চলে এসেছে। কিন্তু বৃষ্টি ঝামেলা করে ফেলেছে। মাল পচে গিয়েছে অনেক। আমরা ১৩০টা ফুলকপি এনেছিলাম। এরমধ্যে ২০টাই পচে গেছে। এখন আমরা কী করবো। ওগুলোর দাম আমাদের উঠাতে হবে। তাই দাম বাড়তি আছে। শুধু ফুলকপি না। সব সবজিরই একই অবস্থা। তবে কিছুদিন পরে এটা কমে যাবে আবার।’
এদিকে বাজার করতে আসা আরিফ হোসেন বলেন, সবজির দামতো কমেই না, উল্টা বাড়ে। এখন বাজার করতে আসলে বুঝি না কী কিনবো আর কী কিনবো না। কারণ সবকিছুর দামই বেশি। আমার মনে হয়, আমার মতো যারা নির্দিষ্ট ইনকামের মানুষ আছে তাদের সবারই একই অবস্থা। বাজারে কিছু ধরতে গেলেই অটোমেটিক মাথায় চলে আসে, পকেটে কত টাকা আছে।
দেশি রসুন চড়া, কমেছে চায়না আদা-রসুনের: আজকের বাজারে ক্রস জাতের পেঁয়াজ আকার ও মানভেদে ৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাল ও সাদা আলুর দাম কেজিপ্রতি ২৫ টাকা। বগুড়ার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে, দেশি রসুন ১১০-১২০ টাকা, চায়না রসুন ১৫০-১৬০ টাকা এবং চায়না আদা ১২০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেখা গেছে, আজকের বাজারে দেশি রসুনের দাম বেড়েছে প্রতি কেজিতে ১০-২০ টাকা। অন্যদিকে চায়না রসুনের দাম কমেছে কেজি প্রতি ১০-২০ টাকা। আর চায়না আদার দাম কমেছে ২০-৩০ টাকা।
ডিমের দাম বেড়েছে, কমেছে মুরগির: আজকের বাজারে সব ধরনের ডিমের দাম বেড়েছে। মুরগির লাল ও সাদা ডিমের দাম ডজনে বেড়েছে ১০-১৫ টাকা এবং হাঁসের ডিমের দাম বেড়েছে ২৫-৩৫ টাকা। অন্যদিকে দেশি মুরগি বাদে সব ধরনের মুরগির মাংসের দাম কমেছে কেজিতে ৭-২০ টাকা পর্যন্ত।
গতকাল বাজারে মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকা এবং সাদা ডিম ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ২১০-২২০ টাকা।
অন্যদিকে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকা, কক মুরগি ২৮০-৩০০ টাকা, লেয়ার মুরগি ২৮৭-২৯০ টাকা এবং দেশি মুরগি ৬২০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা।
এদিকে, মাছের বাজারেও রয়েছে দামের ভিন্নতা। আকার ও ওজন অনুযায়ী প্রতি কেজি ইলিশ মাছ ১০০০-২৬০০ টাকা, রুই মাছ ৪০০-৭০০ টাকা এবং কাতল মাছ ৩৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। কালিবাউশ মাছ ৫০০-৮০০ টাকা, চিংড়ি মাছ ৭০০-১৬০০ টাকা, কাঁচকি মাছ ৫০০-৬০০ টাকা এবং কৈ মাছ বিক্রি হচ্ছে ২২০-২৫০ টাকা কেজি দরে। এছাড়া প্রতি কেজি পাবদা মাছ ৪০০-৬০০ টাকা, বাতাসি মাছ ১৪০০-১৬০০ টাকা, কাজলি মাছ ১২০০-১৬০০ টাকা, শিং মাছ ৪০০-১২০০ টাকা, টেংরা মাছ ৬০০-১০০০ টাকা, মেনি মাছ ৫০০-৮০০ টাকা, বোয়াল মাছ ৬০০-১২০০ টাকা এবং রূপচাঁদা মাছ ১২০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরিবর্তিত মুদিপণ্যের বাজার
আজকে বাজারে মুদি দোকানের পণ্যের দামে কোনও পরিবর্তন আসেনি। এখনো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে উচ্চ দামেই। তবে প্রতি কেজি লবঙ্গের দাম ১৫০ টাকা এবং জিরার দাম ১৪০ টাকা বেড়েছে।
প্রতি কেজি প্যাকেটজাত পোলাওয়ের চাল ২৩০ টাকা এবং খোলা পোলাওয়ের চাল মানভেদে ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট মসুর ডাল প্রতি কেজি ১৪০-১৫০ টাকা, মোটা মসুর ডাল ৯০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেসারির ডাল ৮৫ টাকা, বুটের ডাল ১২০ টাকা, ছোলা ১২০ টাকা এবং মাষকলাইয়ের ডাল ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৌটাজাত ও খোলা ঘি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা, প্যাকেটজাত ও খোলা চিনি ১১০ টাকা কেজি, দুই কেজির প্যাকেট ময়দা ১৭০ টাকা এবং দুই কেজির প্যাকেট আটা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মসলার মধ্যে প্রতি কেজি এলাচ ৫ হাজার ৪০০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১৫৫০টাকা, সাদা গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, কালো গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা, জিরা ৬৪০ টাকা, কাজুবাদাম ১ হাজার ৪০০ টাকা এবং কাঠবাদাম ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
দাম বাড়ল সয়াবিন তেলের
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
গতকাল বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের বিদ্যমান মজুত পরিস্থিতি, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনের তথ্য এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য পুনঃসমন্বয় না হওয়ায় ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য পুনঃসমন্বয়ের দাবি জানায় সংগঠনটি।
এদিকে, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিববের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ