দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। অন্যদিকে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন ও বাজার পরিস্থিতি পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। এতে ভোজ্যতেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে।
আসন্ন পবিত্র রমজানে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার কথা উল্লেখ করে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয়ের দাবি জানায় সংগঠনটি।
এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কেকে/ এসএমএন