দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
স্বর্ণের দাম বাড়ানোর কারণ হিসেবে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কথা জানিয়েছে বাজুস। সংগঠনটির ভাষ্য, সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কারের ডিজাইন ও মানভেদে মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো অলঙ্কার কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
কেকে/সাশ