দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে এ চুক্তি সম্পাদনের প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেয় এবং ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের রোডম্যাপ ঘোষণা করে। এ লক্ষ্যে বেবিচক, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতা হয়েছে। আগামী সোমবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
বেবিচক সূত্রে জানা গেছে, আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে তৃতীয় টার্মিনাল পরিচালনা-সংক্রান্ত কনসেশন চুক্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরবে কর্তৃপক্ষ। পরদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হবে। গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা করে চুক্তির অনুমোদন দেওয়া হয়।
তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রাথমিকভাবে ১৩ হাজার ৬১০ কোটি টাকা ব্যয় ধরা হলেও পরবর্তী সময়ে সংশোধন ও অতিরিক্ত কাজ যুক্ত হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট উদ্বোধন করা হয়। তবে জাপানের সঙ্গে পরিচালনা চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত না হওয়ায় দুই বছরের বেশি সময় ধরে এটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।
দুই লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালটি চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। নতুন টার্মিনাল যুক্ত হলে বছরে দুই কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে।
নতুন টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ১৬টি নিয়মিত ব্যাগেজ বেল্টসহ থাকছে আধুনিক যাত্রীসেবা সুবিধা। দীর্ঘ পথ হাঁটতে অসুবিধা হয় এমন যাত্রীদের জন্য থাকবে স্ট্রেইট এক্সকেলেটর। সিঙ্গাপুর ও ব্যাংককের মতো আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবহৃত এ প্রযুক্তি যাত্রীদের চলাচল সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে।
যাত্রীদের ব্যাগ ব্যবস্থাপনায় থাকছে পৃথক তিনটি স্টোরেজ ব্যবস্থা—নিয়মিত ব্যাগেজ, হারানো ব্যাগ এবং অতিরিক্ত আকারের ব্যাগ সংরক্ষণের জন্য আলাদা জায়গা। নিয়মিত ব্যাগেজের জন্য ১৬টি এবং অতিরিক্ত ওজনের ব্যাগের জন্য চারটি পৃথক বেল্ট থাকবে।
টার্মিনালের প্রতিটি ওয়াশরুমের সামনে থাকবে বেবি কেয়ার লাউঞ্জ। সেখানে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং বুথ, ডায়াপার পরিবর্তনের ব্যবস্থা ও পারিবারিক বাথরুম থাকবে। শিশুদের জন্য স্লিপার, দোলনা ও খেলাধুলার জায়গা নিয়ে তৈরি করা হবে চিলড্রেন প্লে এরিয়া।
এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার কক্ষ, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, বিভিন্ন রোগ পরীক্ষার কেন্দ্র ও আইসোলেশন ব্যবস্থাও রাখা হয়েছে নতুন টার্মিনালে।
যাত্রীদের স্বয়ংক্রিয় চেক-ইনের সুবিধা দিতে থাকবে ১০টি সেলফ চেক-ইন কিওস্ক। এসব মেশিনে পাসপোর্ট ও টিকিটের তথ্য দিলে বোর্ডিং পাস এবং আসন নম্বর পাওয়া যাবে। এরপর নির্ধারিত স্থানে লাগেজ জমা দিলে স্বয়ংক্রিয় ব্যবস্থায় তা উড়োজাহাজে পৌঁছে যাবে। তবে ৩০ কেজির বেশি ওজনের ব্যাগেজ নিয়ে এ ব্যবস্থায় চেক-ইন করা যাবে না।
এ ছাড়া যাত্রীদের জন্য থাকবে ১০০টি চেক-ইন কাউন্টার। অবসর সময় কাটানোর জন্য মুভি লাউঞ্জ ও এয়ারলাইনস লাউঞ্জ তৈরির কাজও চলছে। এসব দুটি লাউঞ্জ ছাড়া অন্যান্য স্থাপনার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কেকে/সাশ