দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সারা দেশে ১ লাখ ৫৩ জন চা-শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী, চা-শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র মৌলভীবাজার জেলায় ১৩৫টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮৭ জন। জেলার সাতটি উপজেলার ১৩৫টি বাগান ও পঞ্চায়েতের অধীনে মোট ৩৫৭টি পঞ্চায়েত প্যানেল রয়েছে। এর মধ্যে ১৬টি প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে বাকি প্যানেলগুলোতে ভোটের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন শ্রমিকেরা।
জেলা প্রশাসন থেকে প্রাপ্ত চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, মৌলভীবাজারে সবচেয়ে বেশি ভোটার শ্রীমঙ্গল উপজেলায়। উপজেলার ৪০টি পঞ্চায়েতে ভোটার রয়েছেন ১৮ হাজার ৮২২ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে কমলগঞ্জ। সেখানে ২৩টি পঞ্চায়েতে ভোটার ১৪ হাজার ৪৩৫ জন। এ ছাড়া কুলাউড়ার ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীর ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরের ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখার ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলার তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।
এদিকে মৌলভীবাজার জেলার চারটি ভ্যালির অধীনে মোট ১৫৭টি বাগান ও পঞ্চায়েত রয়েছে। এসব ভ্যালিতে মোট প্যানেল সংখ্যা ৯টি। এর মধ্যে বালিশিরা ভ্যালিতে ৬৪টি বাগান ও পঞ্চায়েতের বিপরীতে দুটি প্যানেল, জুড়ী ভ্যালিতে ৩৬টির বিপরীতে দুটি, লংলা ভ্যালিতে ৩৪টির বিপরীতে তিনটি এবং মনু-দলই ভ্যালিতে ২৩টির বিপরীতে দুটি প্যানেল রয়েছে।
দীর্ঘ বিরতির পর এ নির্বাচনকে ঘিরে চা-বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিনিধিত্ব নির্ধারিত হবে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সভাপতি মণ্ডলী প্যানেলে দুইটি এবং সম্পাদকমণ্ডলী প্যানেলে তিনটি পদ রয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চা-বাগান কর্তৃপক্ষ, প্রার্থী, ভোটার ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। চা-বাগানের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে। পাশাপাশি নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনি সব সরঞ্জাম ইতিমধ্যে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।’
প্রার্থী ও ভোটারদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’
কেকে/এমএ