বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      
জাতীয়
আন্তর্জাতিক বাল্য ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস কাল, প্রতিরোধে জরুরি জন্ম নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুর অধিকার সুরক্ষায় শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করা জরুরি। জন্ম নিবন্ধন শিশুর বয়সের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে কাজ করে, যা বিয়ের ক্ষেত্রে বয়স যাচাই, ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিবাহের চেষ্টা ঠেকানো এবং ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আগামীকাল ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়সে বিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস (ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ইলিমিনেশন অব চাইল্ড, আর্লি অ্যান্ড ফোর্সড ম্যারেজ)। 

চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দিবসটি গৃহীত হয়।

বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনো উদ্বেগজনক। ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার সর্বোচ্চ।

বাল্যবিবাহের কারণে মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষাজীবন, কর্মসংস্থান এবং সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়। বিশেষ করে কন্যাশিশুর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়। অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকিও বেড়ে যায়, যা তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎকে বিপন্ন করে তোলে।

বাল্যবিবাহ রোধে জন্ম নিবন্ধনকে গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। জন্ম নিবন্ধনের মাধ্যমে শিশুর আইনি পরিচয়, বয়স, অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করার ভিত্তি তৈরি হয়। একই সঙ্গে বয়স গোপন করে বিয়ে দেওয়ার প্রবণতা ঠেকানো এবং স্থানীয় পর্যায়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের চিহ্নিত করাও সহজ হয়।

তবে দেশে এখনো প্রায় অর্ধেক মানুষ জন্ম নিবন্ধনের আওতার বাইরে রয়েছেন। বিদ্যমান আইনের সীমাবদ্ধতা সর্বজনীন নিবন্ধন নিশ্চিত করার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে নিবন্ধনের আইনগত দায়িত্ব ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর দেওয়া হলে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশুর জন্ম নিবন্ধন জন্মের সময়ই স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫.৩ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলের অঙ্গীকার রয়েছে বাংলাদেশের। অন্যদিকে এসডিজি ১৬.৯-এ একই সময়ের মধ্যে সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার অন্যতম ভিত্তি জন্ম নিবন্ধন। শিশু অধিকার সনদ (ইউএনসিআরসি) বাস্তবায়ন, জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ কার্যকর করতেও সর্বজনীন জন্ম নিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০২৫ সালের অক্টোবরে বাল্যবিবাহ প্রতিরোধে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সংলাপে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে সর্বজনীন জন্ম ও বিবাহ নিবন্ধন নিশ্চিত করে বয়স যাচাই ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্য অর্জনে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ, কার্যকর ও জনবান্ধব করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

দিবসটি উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তার বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি হবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।’ 

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক বাল্যবিবাহ দিবস   বাল্যবিবাহ প্রতিরোধ   জন্ম নিবন্ধন   কন্যাশিশুর অধিকার   ইউনিসেফ   ইউএনএফপিএ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close