গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে ভারত সরকারকে দুটি চিঠি পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতকে দুটি চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে ব্যক্তিগতভাবেও একটি চিঠি দিয়েছি। কিন্তু কোনো চিঠিরই জবাব পাওয়া যায়নি। এ বিষয়ে কাজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের জবাবের অপেক্ষায় বসে নেই বাংলাদেশ।’
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, ভারতের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক চায়। বন্ধুত্বের মনোভাব নিয়ে গঙ্গার পানিবণ্টন সমস্যার সমাধানে ভারত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করে সরকার।’
পানি সংরক্ষণ ও উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে। পাশাপাশি পদ্মা ব্যারাজ প্রকল্প এবং পানির উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।’
সীমান্তে ‘ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ’ বন্ধের আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।’
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে এ্যানি বলেন, ‘হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাক্ষাতে বিভিন্ন বিষয়ে আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।’
তবে ভারত সঠিক সিদ্ধান্ত নিয়ে নতুন বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী।
কেকে/ এসএমএন