সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিদেশগামী কর্মীদের দক্ষতা, ভাষাজ্ঞান ও সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘দিনটি বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে কর্মী পাঠানো সম্ভব হচ্ছে। মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানাই।’
বিদেশগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বিদেশে প্রত্যেক কর্মীকে বাংলাদেশ হিসেবে বিবেচনা করা হবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আইনকানুন মেনে চলতে হবে। কর্মীরা যে প্রতিষ্ঠানে কাজ করবেন, সেখানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করলে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে।’
প্রধানমন্ত্রী জানান, বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে সরকার পরিকল্পনা নিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে।’
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিদেশে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন এবং ফটোসেশনে অংশ নেন।
কেকে/ এসএমএন