বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারাদেশ থেকে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এ পদে আবেদনের সুযোগ পাবেন। নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের অফিশিয়াল মাধ্যমে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। দেশের সব জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এ নিয়োগপ্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করতে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
শারীরিক যোগ্যতা ও উচ্চতা
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শারীরিক যোগ্যতা অনুযায়ী, সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
অন্যদিকে, নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার নির্দেশনা
নিয়োগপ্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করার চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হতে পারে।
এ ছাড়া চাকরিতে যোগদানের পরও দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে প্রবেশ করে সতর্কতার সঙ্গে আবেদনপত্র পূরণ এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন ফি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আবেদনের সময়সীমা
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
আবেদন শুরু: ১৩ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
যেভাবে বিজ্ঞপ্তি দেখবেন
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনের নিয়ম ও অন্যান্য শর্ত জানতে বাংলাদেশ পুলিশের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন: https: www.police.gov.bd
কেকে/এমএস