চলচ্চিত্রে যাত্রা শুরু নায়ক হিসেবে। পরে খলনায়ক হয়ে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। পর্দায় তার বলিষ্ঠ কণ্ঠস্বর, স্পষ্ট উচ্চারণ, চোখের চাহনি আর সংলাপ বলার ধরন আলাদা করে চিনিয়ে দিত তাকে।
খল অভিনেতা হিসেবে ভয়ংকর সব চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে ছিলেন অমায়িক। মানুষকে তিনি ভালোবাসতেন আন্তরিকতা নিয়ে। চলচ্চিত্রপাড়ায় তাই তিনি ছিলেন সবার প্রিয়জন। তিনি ওয়াসীমুল বারী রাজীব, দর্শকের কাছে যিনি পরিচিত ছিলেন শুধু ‘রাজীব’ নামে।
কাজী হায়াৎ পরিচালিত ‘দাঙ্গা’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান রাজীব। ছবিতে তার ‘আমি মাইন্ড করলাম’ সংলাপটি দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংলাপটি এখনো মনে রেখেছেন অনেক দর্শক।
রাজীবের অভিনয়ের বিশেষত্ব ছিল, তিনি কেবল সংলাপের ওপর নির্ভর করতেন না। শরীরী ভাষা, চোখের অভিব্যক্তি ও কণ্ঠস্বরের ওঠানামা দিয়ে চরিত্রকে জীবন্ত করে তুলতেন। ফলে পর্দায় তার উপস্থিতি দর্শকের মনে আলাদা প্রভাব ফেলত।
১৯৮২ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘খোকন সোনা’ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেন রাজীব। এর আগে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমায় ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এরপর পাঁচ দশকের বেশি সময়ের অভিনয়জীবনে দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দাঙ্গা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘আজকের সন্ত্রাসী’, ‘দুর্জয়’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বাবার আদেশ’, ‘বিক্ষোভ’, ‘ডন’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘ভাত দে’, ‘অনন্ত ভালোবাসা’, ‘বুকের ভেতর আগুন’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘সাহসী মানুষ চাই’, ‘মীরজাফর’, ‘লুটতরাজ’, ‘চাঁদাবাজ’ ও ‘ত্রাস’।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাজীব। ১৯৮৮ সালে ‘হীরামতি’ সিনেমার জন্য প্রথমবার এই সম্মাননা পান। এরপর ১৯৯১ সালে ‘দাঙ্গা’, ২০০০ সালে ‘বিদ্রোহ চারিদিকে’ এবং ২০০৩ সালে ‘সাহসী মানুষ চাই’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাজীব।
ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৪ সালের ১৪ নভেম্বর মাত্র ৫২ বছর বয়সে মারা যান রাজীব। দেখতে দেখতে শনিবার (১৪ নভেম্বর) পেরিয়ে গেছে তার মৃত্যুর ২২ বছর। কিন্তু তার অভিনয়, সংলাপ আর পর্দার সেই শক্তিশালী উপস্থিতি এখনো দর্শকের স্মৃতিতে অমলিন।
কেকে/এমএ