রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার মো. সিরাজসহ একাধিক মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-২।
রোববার (১৫ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সিরাজ (২৬), মো. মোক্তার হোসেন (৩৫), মো. আনোয়ার হোসেন (৩৬) ও মো. সাগর মিয়া (৩৯)।
এসআরবি-২’-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে মো. সিরাজকে গ্রেপ্তার করা হয়। পরে পৃথক অভিযানে মা ও শিশু হাসপাতাল এলাকা, শহীদ সলিমুল্লাহ রোডের মোহাম্মদপুর কবরস্থান ও শিয়া মসজিদ এলাকা থেকে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-২ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মোহাম্মদপুর থানা এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। দীর্ঘদিন ধরে তারা চুরি, ছিনতাই, মাদক ব্যবসায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পিসিপিআর যাচাইয়ে মো. সিরাজের বিরুদ্ধে ধানমন্ডি, মিরপুর মডেল ও মোহাম্মদপুর থানায় ছিনতাইয়ের চেষ্টা, ডাকাতির প্রস্তুতি, দাঙ্গা, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজিসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
মো. মোক্তার হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর, তেজগাঁও শিল্পাঞ্চল, লালবাগ, চকবাজার ও শাহবাগ থানায় চাঁদাবাজি, হত্যাচেষ্টা, মাদক, ছিনতাইয়ের চেষ্টা, চুরি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছিনতাইয়ের চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। মো সাগর মিয়ার বিরুদ্ধে চকবাজার, শাহবাগ ও লালবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কেকে/এমএ