রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা েথকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তালিকাভুক্ত কিশোর গ্যাং ‘ফালান গ্রুপের’ সক্রিয় সদস্য ও দুই মামলার আসামি মো. ইমরান (২৩) এবং তার সহযোগী সোহাগ (২৫)। অন্যদিকে তালিকাভুক্ত ‘কান্তা ফিরোজ গ্রুপের’ সক্রিয় সদস্য ও দুই মামলার আসামি জিহাদ ওরফে পাগলা জিহাদ (২৪) এবং তার সহযোগী রাব্বি (২৫)।
এসআরবি-২ জানায়, শনিবার রাতে মোহাম্মদপুর থানার রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ইমরান ও সোহাগকে সুইচ গিয়ার চাকুসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে রায়েরবাজারের পাবনা হাউজিং গলিতে পৃথক অভিযান চালিয়ে জিহাদ ওরফে পাগলা জিহাদ ও রাব্বিকে চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তথ্যানুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে পথচারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনতাই, এলাকায় ত্রাস সৃষ্টি ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এসআরবি-২ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পিসিপিআর যাচাই করে ইমরানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দস্যুতার দুটি মামলা পাওয়া গেছে। সোহাগের বিরুদ্ধে দস্যুতার একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। জিহাদ ওরফে পাগলা জিহাদের বিরুদ্ধে দস্যুতার দুটি মামলা এবং রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও দস্যুতার একটি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।
কেকে/ এসএমএন